Isaiah 11
11:1 ইয়াসিরের গোড়া থেকে একটা নতুন চারা বের হবেন; তাঁর মূলের সেই চারায় ফল ধরবে।
11:2 তাঁর উপর থাকবেন মাবুদের রূহ্, জ্ঞান ও বুঝবার রূহ্, পরামর্শ ও শক্তির রূহ্, বুদ্ধি ও মাবুদের প্রতি ভয়ের রূহ্।
11:3 তিনি মাবুদের প্রতি ভয়ে আনন্দিত হবেন। তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না, কিংবা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না;
11:4 কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন, আর দুনিয়ার গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন। লাঠির মত করে তিনি মুখের কথায় দুনিয়াকে আঘাত করবেন, আর দুষ্টদের হত্যা করবেন তাঁর মুখের শ্বাসে।
11:5 সততা হবে তাঁর কোমর-বাঁধনি আর বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়াবার পটি।
11:6 নেকড়েবাঘ ভেড়ার বাচ্চার সংগে বাস করবে, চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলের বাচ্চার সংগে; গরুর বাচ্চা, যুব সিংহ ও মোটাসোটা বাছুর একসংগে থাকবে, আর ছোট ছেলে তাদের চরাবে।
11:7 গরু ও ভল্লুক একসংগে চরবে, আর তাদের বাচ্চারা একসংগে শুয়ে থাকবে; সিংহ গরুর মত খড় খাবে।
11:8 কেউটে সাপের গর্তের কাছে ছোট শিশু খেলা করবে, আর ছোট ছেলেমেয়ে বিষাক্ত সাপের গর্তে হাত দেবে।
11:9 আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কেউ ক্ষতিও করবে না, ধ্বংসও করবে না, কারণ সমুদ্র যেমন পানিতে পরিপূর্ণ থাকে তেমনি মাবুদের বিষয়ে জ্ঞানে দুনিয়া পরিপূর্ণ হবে।
11:10 সেই দিন ইয়াসিরের মূল সব জাতির জন্য নিশানের মত হয়ে দাঁড়াবেন; সব জাতি তাঁর কাছে জমায়েত হবে এবং তাঁর বিশ্রামের স্থান গৌরবময় হবে।
11:11 সেই দিন দীন-দুনিয়ার মালিক তাঁর বেঁচে থাকা বান্দাদের আশেরিয়া থেকে, মিসর ও পথ্রোষ থেকে, ইথিওপিয়া, ইলাম, ব্যাবিলন, হামা ও দ্বীপগুলো থেকে উদ্ধার করে আনবার জন্য দ্বিতীয়বার তাঁর হাত বাড়িয়ে দেবেন।
11:12 তিনি জাতিদের জন্য একটা নিশান তুলবেন আর বিদেশে বন্দী থাকা বনি-ইসরাইলদের জমায়েত করবেন; এহুদার ছড়িয়ে থাকা লোকদের তিনি দুনিয়ার চারদিক থেকে একত্র করবেন।
11:13 আফরাহীমের হিংসা দূর হয়ে যাবে এবং এহুদার শত্রুভাব আর থাকবে না। আফরাহীম এহুদার উপর হিংসা করবে না, এহুদাও আফরাহীমের সংগে শত্রুতা করবে না।
11:14 তারা পশ্চিম দিকে ফিলিস্তিনীদের দেশের ঢালু জায়গায় ছোঁ মারবে, তাঁরা একসংগে পূর্ব দিকের দেশ লুট করবে। তারা ইদোম ও মোয়াব দখল করে নেবে আর অম্মোনীয়রা তাদের অধীন হবে।
11:15 মাবুদ সুয়েজ উপসাগর শুকিয়ে ফেলবেন; তিনি গরম শুকনা বাতাস দিয়ে ফোরাত নদীর উপরে তাঁর শক্তি দেখাবেন। তিনি সেটা ভাগ করে সাতটা নালা বানাবেন, যাতে লোকে জুতা পায়ে পার হতে পারে।
11:16 মিসর থেকে বের হয়ে আসবার সময় যেমন বনি-ইসরাইলদের জন্য একটা পথ হয়েছিল তেমনি তাঁর বেঁচে থাকা বান্দাদের জন্য আশেরিয়া থেকে একটা রাজপথ হবে।